গ্রেফতার পাঁচ, বড়োসড় সাফল্য মালদা থানার

 

গ্রেফতার পাঁচ, বড়োসড় সাফল্য মালদা থানার -

সুনন্দা বিশ্বাস-


প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ কারবারীকে৷ বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে বড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। ধৃতদের তিনজন বিহারের বাসিন্দা৷ 

পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও ১২ নম্বর জাতীয় সড়কে পেট্রল ডিউটি করছিলেন পুলিশকর্মীরা৷ রাত এগারোটা নাগাদ কালুয়াদিঘির কাছে একটি ধাবার সামনে একটি ছোট চারচাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন মালদা থানার পুলিশ৷ 

সন্দেহ হওয়ায় তাঁরা গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ জেরায় সন্তুষ্ট হতে না পেরে পুলিশকর্মীরা ওই তিন ব্যক্তির শরীর সহ গোটা গাড়িতে তল্লাশি চালান৷ তখনই তাদের হেফাজত থেকে পাওয়া যায় প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা৷ এরপরেই ওই গাড়ি সহ ওই তিনজনকে মালদা থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশি জেরায় ওই তিন ব্যক্তি জানায়, তারা এই মাদক কালিয়াচক থেকে কিনেছে৷ বিহারের মাধাইকুরা গ্রামে মাদক নিয়ে যাচ্ছিল তারা৷ কিশনগঞ্জ হয়ে তারা মাধাইকুরা গ্রামে ঢুকত৷ এরপর মালদা থানার পুলিশ কালিয়াচকে হানাদারি চালিয়ে দুই মাদক বিক্রেতাকেও আটক করে থানায় নিয়ে আসে৷ পরবর্তীতে পাঁচজনকেই গ্রেফতার করা হয়৷ এই অভিযানে মালদা থানার পুলিশকে যোগ্য সহায়তা করেছেন স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরাও৷ ধৃতদের মধ্যে রাকেশ রাজ, সান্তনু কুমার ও জ্যোতিষ কুমার রাজ বিহারের বাসিন্দা৷ কালিয়াচকের দুই ধৃতের নাম আলিউল শেখ ও আসগর আলি৷ এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পাঁচজনকেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -